রাজধানীর কারওয়ান বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রথম আলো ভবনে শুরু হয়েছে ব্যতিক্রমী শিল্পপ্রদর্শনী ‘আলো’। বসন্তের রৌদ্রোজ্জ্বল বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে দেশের সংবাদপত্রের মালিক, সম্পাদক ও সাংবাদিক নেতারা অংশ নেন। অনুষ্ঠানে স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রদর্শনীর শিল্পকর্ম নির্মাণ করেছেন বিশিষ্ট শিল্পী মাহ্বুবুর রহমান। আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটিকেই শিল্পের ক্যানভাসে রূপ দিয়ে তিনি প্রতীকীভাবে অন্ধকার থেকে আলোর বার্তা তুলে ধরেছেন।
গত বছরের ১৮ ডিসেম্বর রাতে একদল উগ্র হামলাকারী প্রথম আলোর কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। হামলায় শাটার, কাচের দরজা ও ভেতরের বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। একই রাতে তারা দ্য ডেইলি স্টার ভবনেও হামলা ও ভাঙচুর চালায়।
সেই হামলার কারণে প্রথম আলোর অনলাইন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং ২৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ১৯ ডিসেম্বর ছাপা সংস্করণ প্রকাশিত হয়নি। তবে মাত্র ১৭ ঘণ্টার মধ্যে অনলাইন সেবা পুনরায় চালু করা হয় এবং ২০ ডিসেম্বর সকালে পাঠকের হাতে পৌঁছে যায় পত্রিকা।
অগ্নিদগ্ধ ভবন ঘিরে আয়োজিত ‘আলো’ প্রদর্শনী চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে ১টা এবং বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।