প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তারা আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারতের কর্মসূচি রয়েছে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। মহাসড়কজুড়ে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট তৎপর রয়েছে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

এর আগে মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নিয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মো. সাহাবুদ্দিন।

দায়িত্ব গ্রহণের পর বুধবার সচিবালয়ে প্রথম কর্মদিবস শুরু করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে মধ্যাহ্নভোজ শেষে বিকেলে মন্ত্রিসভার বৈঠক এবং বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। এ উপলক্ষে সচিবালয়েও বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নির্বাচনের গেজেট প্রকাশের পর থেকেই মন্ত্রিপরিষদ বিভাগে ব্যস্ততা বেড়েছে। নতুন মন্ত্রিসভার শপথ আয়োজন ও আনুষঙ্গিক কার্যক্রম তদারকিতে কর্মকর্তারা দিনভর কাজ করছেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠন করা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা