চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা-এ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের প্রাণহানির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার দক্ষিণ নলুয়া গ্রামের খান বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মৃত শাহাদাত খানের স্ত্রী আমেনা বেগম রিনা (৬৫) এবং তার ছেলে এনামুল হক রাসেল খান (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের স্যালো মেশিনে বিদ্যুৎ সংযোগ নিতে রাস্তার পাশে স্থাপিত বৈদ্যুতিক খুঁটির তারে কাজ করছিলেন এনামুল হক রাসেল। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং তার শরীরে আগুন ধরে যায়। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে আমেনা বেগমও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।