জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর এবার ঢাকার দুই সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিশনকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
ইসি সূত্র জানায়, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। বিষয়টি কমিশনের সভায় উপস্থাপনের প্রক্রিয়া চলছে।
স্থানীয় সরকার বিভাগের সচিবের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০২০ সালের ২ জুন, যার মেয়াদ পাঁচ বছর পূর্ণ করে গত বছরের ১ জুন শেষ হয়েছে। একইভাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম সভা হয় ২০২০ সালের ৩ জুন; সেই হিসেবে এ সিটির মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ২ জুন। অন্যদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি, যার মেয়াদ শেষ হবে আগামী ২২ ফেব্রুয়ারি।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, প্রথম সভার তারিখ থেকে পাঁচ বছর মেয়াদ গণনা করা হয় এবং মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। সে বিধান মেনেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে বলা হয়েছে।
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান, ঈদের পর পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক অস্থিরতার পর মেয়র ও চেয়ারম্যানদের পদত্যাগের প্রেক্ষাপটে সরকার ১২টি সিটি করপোরেশন, ৩৩০টি পৌরসভা এবং ৪৯৭টি উপজেলা ও জেলা পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ করে। বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে আদালতের নির্দেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন শাহাদাত হোসেন।