প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কবে হতে পারে রাষ্ট্রপতি নির্বাচন!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

নতুন সংসদ সদস্যদের শপথ এবং প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। তবে এর মধ্যেই রাষ্ট্রপতি পদে পরিবর্তন আসবে কি না—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দায়িত্ব গ্রহণ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে। তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত বহাল রয়েছে। ফলে স্বাভাবিক পরিস্থিতিতে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ নেই।

গণআন্দোলনের প্রেক্ষাপটে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতির পদত্যাগের দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে। তবে সে সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ বিষয়ে আপত্তি জানায়। শেষ পর্যন্ত বর্তমান রাষ্ট্রপতির কাছেই শপথ নেয় নতুন নির্বাচিত সরকার, যার নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংবিধান বিশেষজ্ঞ জাহেদ ইকবালের মতে, তিনটি পরিস্থিতিতে রাষ্ট্রপতির পদ শূন্য হতে পারে—মেয়াদ শেষ হওয়া, স্বেচ্ছায় পদত্যাগ কিংবা অভিশংসন। এছাড়া শারীরিক বা মানসিক অক্ষমতা কিংবা গুরুতর অসদাচরণের অভিযোগ প্রমাণিত হলেও পদ শূন্য হওয়ার বিধান রয়েছে।

রাষ্ট্রপতি পদ শূন্য হলে নির্বাচন আয়োজনের দায়িত্ব পড়ে নির্বাচন কমিশনের ওপর। এ ক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করেন এবং স্পিকারের সঙ্গে পরামর্শ করে তফসিল ঘোষণা করেন।

গত ডিসেম্বর আন্তর্জাতিক বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইঙ্গিত দেন, জাতীয় নির্বাচনের পর তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে আগ্রহী। তিনি বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে দায়িত্ব পালন করে গেলেও নির্বাচন-পরবর্তী সময়ে পদ ছাড়ার বিষয়ে তার আগ্রহ রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, নতুন সংসদ গঠনের পর রাষ্ট্রপতি চাইলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন। সে ক্ষেত্রে অভিশংসনের প্রয়োজন হবে না। ইতোমধ্যে সংসদ সদস্যরা শপথ নিয়েছেন এবং শিগগিরই নতুন স্পিকার দায়িত্ব নেবেন। ফলে রাষ্ট্রপতির পদে পরিবর্তন আসবে কি না, তা নির্ভর করছে তার পরবর্তী সিদ্ধান্তের ওপর।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা