প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন যেসব বিশ্বনেতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা। শুভেচ্ছাবার্তায় তারা নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এ উপলক্ষে পাঠানো বার্তায় মোদি সদ্যসমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র বিজয় এবং তার নেতৃত্বে সরকার গঠনে শুভেচ্ছা জানান। তিনি বলেন, এই ফলাফল দেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। দুই প্রতিবেশী দেশের অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সংযোগ, বাণিজ্য, প্রযুক্তি, জ্বালানি, স্বাস্থ্য ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ জোরদারের আশাবাদও ব্যক্ত করেন তিনি।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং তার বার্তায় দুই দেশের দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্বের কথা তুলে ধরে বলেন, কূটনৈতিক সম্পর্কের ৫১ বছরে পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক এগিয়েছে। উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দায়িত্ব গ্রহণে অভিনন্দন জানিয়ে বাংলাদেশকে ঘনিষ্ঠ বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন। বিদ্যমান কৌশলগত সম্পর্ককে আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে আয়োজিত শপথ অনুষ্ঠানে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে যোগ দেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জো, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা, তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একিনচি এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

শপথ অনুষ্ঠানে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ১৪ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানান। আমন্ত্রিত দেশগুলোর মধ্যে ছিল সৌদি আরব, চীন, জাপান, ভারত, পাকিস্তান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান। এর মধ্যে কয়েকটি দেশের প্রতিনিধিত্ব করেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতরা।

শপথের পর মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জো প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বাণিজ্য-বিনিয়োগ, স্বাস্থ্য, পরিবেশ, উচ্চশিক্ষা ও বিমান যোগাযোগসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয়।

এদিকে ভারতের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিঠি শপথ অনুষ্ঠানের পর তারেক রহমানের হাতে তুলে দেন ওম বিড়লা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি জানান, মোদি তার শুভেচ্ছা জানিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা ব্যক্ত করেছেন এবং ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা