প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কলেজে টানা ৩৯ দিনের ছুটি শুরু: খুলবে ২৯ মার্চ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

পবিত্র রমজানকে কেন্দ্র করে আজ বুধবার থেকে দেশের সরকারি ও বেসরকারি কলেজ এবং মাদ্রাসাগুলোতে দীর্ঘ ছুটি শুরু হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৮ মার্চ পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকবে। ফলে শিক্ষার্থীরা পাচ্ছেন টানা ৩৯ দিনের অবকাশ।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, ২৯ মার্চ থেকে কলেজগুলোতে নিয়মিত ক্লাস কার্যক্রম পুনরায় শুরু হবে। রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ২৬ দিন কলেজ বন্ধ থাকার কথা রয়েছে। এর সঙ্গে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি এবং পরবর্তী সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ২৯ মার্চ রোববার থেকে কলেজ খুলবে।

অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুল, ভোকেশনাল স্কুল-কলেজ, ডিপ্লোমা ইনস্টিটিউট, বিএমটি ও ভোকেশনাল কলেজগুলোর রমজানকালীন ছুটি কার্যকর হবে ৮ মার্চ থেকে। এসব প্রতিষ্ঠানে পাঠদান পুনরায় শুরু হবে ২৯ মার্চ।

এ ছাড়া ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত ১০ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন বন্ধ থাকবে কলেজ। বছরের শেষদিকে শীতকালীন অবকাশ হিসেবে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আরও ১১ দিনের ছুটি রয়েছে।

প্রতিবছরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের জন্য সংরক্ষিত তিন দিনের বিশেষ ছুটি রাখা হয়েছে, যা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যাবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা