প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সংকট সমাধানে একসাথে রাশিয়া–যুক্তরাষ্ট্র–ইউক্রেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

সুইজারল্যান্ডের জেনেভা শহরে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে সম্ভাব্য যুদ্ধসমাধান নিয়ে প্রায় ছয় ঘণ্টার একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা টাস।

 

তাসের প্রতিবেদনে বলা হয়, আলোচনায় অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ ইস্যু—ভূখণ্ড, সামরিক পরিস্থিতি, রাজনৈতিক সমঝোতা, অর্থনৈতিক বিষয় এবং নিরাপত্তা কাঠামো—নিয়ে একটি সমন্বিত রূপরেখা তৈরির চেষ্টা হয়েছে।

 

বৈঠকে ইউরোপের কয়েকটি প্রভাবশালী দেশের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিল ইতালি, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। জানা গেছে, এসব দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা আলাদাভাবে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

 

বার্তা সংস্থা AFP-কে রুশ প্রতিনিধিদলের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আলোচনা ছিল বেশ উত্তেজনাপূর্ণ এবং জটিল। বুধবার আবারও আলোচনা শুরুর পরিকল্পনা রয়েছে।

 

এদিকে ক্রেমলিন-এর মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, জেনেভার আলোচনায় আপসনির্ভর ও জটিল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, আগের আবুধাবি বৈঠকের তুলনায় এবার এজেন্ডা ছিল আরও বিস্তৃত এবং ভূখণ্ডসহ বড় সব ইস্যুই আলোচনায় অন্তর্ভুক্ত হয়েছে।

 

প্রায় চার বছর ধরে চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতের প্রেক্ষাপটে এই বৈঠককে বৃহত্তর কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। আগের আলোচনায় যুদ্ধবিরতি ও সামরিক সমন্বয় নিয়ে আলোচনা হলেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ফলে এবার রাজনৈতিক সমাধান, ভূখণ্ড প্রশ্ন ও নিরাপত্তা নিশ্চয়তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা