বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান–কে আনুষ্ঠানিকভাবে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকায় সৌজন্য সাক্ষাতে ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা মোদির পাঠানো ব্যক্তিগত চিঠি নতুন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
সাক্ষাৎ শেষে ওম বিরলা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বৈঠকের ছবি প্রকাশ করে জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো চিঠিতে শুভেচ্ছা বার্তার পাশাপাশি সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
ওম বিরলা আরও উল্লেখ করেন, ভারতের জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে দুই প্রতিবেশী দেশের ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
এর আগে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে মঙ্গলবার দুপুরে ঢাকায় পৌঁছান লোকসভার স্পিকার। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।