প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এক নারীর দুই স্বামী, বৈধতার দাবিতে মুখোমুখি দুই যুবক

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক নারীর দুই স্বামীকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট এলাকার আলহাজ্ব খলিলুর রহমান এর বাসায় বৈধ স্বামীর দাবিতে দুই যুবক মুখোমুখি হলে এলাকায় উত্তেজনা ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়, পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা গ্রামের সুজাত আলীর ছেলে রাসেল মাহমুদ এবং একই উপজেলার আওনা ইউনিয়নের মেন্দারবেড় গ্রামের আব্দুল হালিম খানের ছেলে ও জগন্নাথগঞ্জ ঘাট বাইপাস মোড় এলাকার জনসেবা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক লিয়াকত আলী খানের মধ্যে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, শারমিন সাহানা (এক কন্যা সন্তানের জননী) উপজেলার গাছবাড়া গ্রামের লুৎফর রহমানের মেয়ে। তিনি জনসেবা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে প্যাথলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন। চাকরিরত অবস্থায় প্রতিষ্ঠানটির মালিক লিয়াকত আলী খানের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। প্রথম স্বামী রাসেল মাহমুদের অভিযোগ—স্বামী ও সন্তানকে রেখে গোপনে লিয়াকত আলী খানকে বিয়ে করেন তিনি।
গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হতে রাসেল মাহমুদ তার স্ত্রী শারমিন সাহানার অবস্থান জানতে পেরে জগন্নাথগঞ্জ ঘাট এলাকায় খলিলুর রহমান হাজীর ভাড়াটিয়া বাসায় হাজির হন। সেখানে গিয়ে তিনি তার স্ত্রীকে লিয়াকত আলী খানের সঙ্গে দেখতে পান। এ সময় উভয় যুবকই ওই নারীর বৈধ স্বামী হিসেবে দাবি তোলেন। স্থানীয় কয়েকজন ব্যক্তির সামনেই শারমিন সাহানাকে স্ত্রী হিসেবে দাবি করলে দুই যুবকের মুখোমুখি অবস্থান সৃষ্টি হয় এবং তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় শারমিন সাহানা ও লিয়াকত আলী খানকে উদ্ধার করে সরিষাবাড়ী থানায় নিয়ে যায়।এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে বাসার মালিক আলহাজ খলিলুর রহমান জানান, জনসেবা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক লিয়াকত আলী খান তার অধীনস্থ কর্মচারী শারমিন সাহানাকে স্ত্রী পরিচয়ে পরিচয় গোপন করে বাসা ভাড়া নেন। পরে মহিলার পূর্বের স্বামী বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন। পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা