প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রধানমন্ত্রী তারেক রহমানের বেতন কত!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের সদস্যরা শপথ নেন। প্রধানমন্ত্রী হিসেবেও শপথ গ্রহণ করেন তারেক রহমান।

সংবিধান অনুযায়ী, সংসদীয় শাসনব্যবস্থায় প্রধানমন্ত্রীই সরকারের প্রধান এবং জাতীয় সংসদের নেতা। তার নেতৃত্বেই মন্ত্রিসভা গঠিত হয় এবং তিনি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর দায়িত্ব বণ্টন করেন। রাষ্ট্রীয় কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত রয়েছে বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক সুবিধা।

প্রধানমন্ত্রীর বেতন-ভাতা ও সুবিধা

‘দ্য প্রাইম মিনিস্টার’স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) অ্যাক্ট’-এর ২০১৬ সালের সংশোধনী অনুযায়ী প্রধানমন্ত্রীর মাসিক মূল বেতন ১ লাখ ১৫ হাজার টাকা। পাশাপাশি মাসিক ব্যয়ভাতা ১ লাখ টাকা নির্ধারিত। সরকারি দায়িত্ব পালনের সময় দৈনিক ভাতা হিসেবে তিনি পান ৩ হাজার টাকা।

আকাশপথে সফরের ক্ষেত্রে ঝুঁকি বিবেচনায় ২৫ লাখ টাকার বিমা সুবিধা রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর জন্য বার্ষিক স্বেচ্ছাধীন তহবিল দেড় কোটি টাকা নির্ধারিত।

প্রধানমন্ত্রী রাষ্ট্রীয়ভাবে সুরক্ষিত বাসভবন, প্রয়োজনীয় জনবল ও দাপ্তরিক কার্যালয় পান। বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তার নিরাপত্তা নিশ্চিত করে। চিকিৎসার প্রয়োজন হলে দেশে কিংবা বিদেশে সরকারি খরচে উন্নত চিকিৎসার সুবিধাও দেওয়া হয়।

মন্ত্রীদের বেতন-ভাতা ও প্রাপ্য সুবিধা

একজন মন্ত্রীর মাসিক বেতন ১ লাখ ৫ হাজার টাকা। একই হারে বেতন পান ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা ও চিফ হুইপ। মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর বেতনের ওপর আয়কর প্রযোজ্য নয়।

মন্ত্রীদের দৈনিক ভাতা ২ হাজার টাকা এবং মাসিক নিয়ামক ভাতা ১০ হাজার টাকা। স্বেচ্ছাধীন তহবিল হিসেবে বছরে ১০ লাখ টাকা বরাদ্দ থাকে। মোবাইল ফোন কেনার জন্য ৭৫ হাজার টাকা দেওয়া হয়।

সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি ব্যবহারের সুবিধা রয়েছে। ঢাকার বাইরে দাপ্তরিক সফরের জন্য অতিরিক্ত যানবাহনও সরবরাহ করা হয়। রেল ও বিদেশ ভ্রমণেও সরকারি ব্যয় বহন করা হয়।

মন্ত্রীদের জন্য সরকারি বাসভবন বরাদ্দ থাকে; গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন ও রক্ষণাবেক্ষণ ব্যয় সরকার দেয়। সর্বোচ্চ পাঁচ লাখ টাকার আসবাবপত্র সরবরাহ করা হয়। সরকারি বাসভবনে না থাকলে বাড়িভাড়া বাবদ ৮০ হাজার টাকা এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যয় প্রদান করা হয়।

সংসদ সদস্যদের প্রাপ্য সুবিধা

একজন সংসদ সদস্য নির্বাচনী এলাকা ভাতা হিসেবে মাসিক ১২ হাজার ৫০০ টাকা পান। নির্বাচনী এলাকায় অফিস পরিচালনার জন্য মাসে ১৫ হাজার টাকা বরাদ্দ থাকে। শুল্কমুক্তভাবে গাড়ি আমদানির সুযোগও রয়েছে।

তবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা ডিউটি-ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানানো হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা