পবিত্র মাহে রমজানকে ঘিরে দেশবাসীর প্রতি সংযম, তাকওয়া ও নৈতিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, রমজান রহমত, মাগফেরাত ও নাজাতের বার্তা নিয়ে মুসলিম উম্মাহর মাঝে সমাগত হয়। এই মাসের শেষ দশকে রয়েছে মহিমান্বিত লাইলাতুল কদর—যা হাজার মাসের ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। তাই রমজানকে আত্মসংযম, সহনশীলতা ও পারস্পরিক সহমর্মিতার প্রশিক্ষণের সময় হিসেবে গ্রহণের আহ্বান জানান তিনি।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন অধ্যায়ের সূচনা করেছে। দীর্ঘ সময়ের দমন-পীড়নের অবসানের পর জাতি গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সতর্ক করে দেন—অস্থিতিশীলতা সৃষ্টির যে কোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
জামায়াত আমির বলেন, রমজানকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান—এসব বিষয়ে নতুন সরকারকে বিশেষভাবে মনোযোগী হতে হবে। অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট যেন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার অস্থিতিশীল করতে না পারে, সে জন্য কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। একটি স্বচ্ছ ও পরিকল্পিত বাজারব্যবস্থা গড়ে তোলার ওপরও জোর দেন।
তিনি আরও বলেন, দরিদ্র ও নিম্নআয়ের মানুষ যাতে স্বস্তিতে সিয়াম পালন করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় পণ্যে ভর্তুকি দেওয়া যেতে পারে। চাল, ডাল, তেল, মাছ, মাংস, শাকসবজি, চিনি, খেজুর, ছোলা ও মুড়িসহ রমজানকেন্দ্রিক নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান তিনি।
এছাড়া দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং সমাজে অশ্লীলতা প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান জামায়াত আমির। তিনি দেশবাসীকে পবিত্র কুরআনের শিক্ষার আলোকে আত্মশুদ্ধি ও নৈতিক পুনর্গঠনের মাধ্যমে রমজানকে অর্থবহ করে তোলার আহ্বান জানান।