প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভোটার থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান মাত্র ৫৩ দিনে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থানের পর দেশে ফিরে নজিরবিহীন রাজনৈতিক অধ্যায় রচনা করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়ার অল্প সময়ের মধ্যেই তিনি জাতীয় রাজনীতির শীর্ষে উঠে আসেন। মাত্র ৪৯ দিনের ব্যবধানে সংসদ সদস্য এবং ৫৩ দিনের মাথায় দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে নতুন এক রেকর্ড স্থাপন করেছেন তিনি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে ভোটার থেকে সরকারপ্রধান হওয়ার এত দ্রুত উদাহরণ আগে দেখা যায়নি।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬—দুই আসন থেকেই বিজয়ী হন তিনি। ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনে প্রথমে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। পরে সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়ে আগামী পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

তবে সাংবিধানিক বিধান অনুযায়ী দুটি আসন একসঙ্গে রাখা সম্ভব না হওয়ায় বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফলে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবেই সংসদে প্রতিনিধিত্ব করবেন এবং মন্ত্রিসভার নেতৃত্ব দেবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, বগুড়া-৬ আসন শূন্য ঘোষণার পর সেখানে শিগগিরই উপনির্বাচন আয়োজন করা হবে।

২০২৫ সালের ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফিরে দুই দিনের মধ্যেই, অর্থাৎ ২৭ ডিসেম্বর, তিনি ভোটার হিসেবে নিবন্ধিত হন এবং জাতীয় পরিচয়পত্র গ্রহণ করেন। ইসির তথ্য অনুযায়ী, ভোটার হওয়ার মাত্র ৫৩ দিনের মাথায় তিনি দেশের সর্বোচ্চ নির্বাহী দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন।

নির্বাচন কমিশনের তথ্যে জানা গেছে, গুলশান এলাকার একটি ঠিকানাকে স্থায়ী এবং ধানমন্ডির একটি ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করে তিনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। প্রবাসে থেকেও ভোটার হওয়ার সুযোগ থাকলেও দেশে ফিরে সরাসরি নিবন্ধন করার সিদ্ধান্ত নেন তিনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা