প্রচলিত রীতি ভেঙে এবার আর বঙ্গভবনের দরবার হলে নয়, নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। মঙ্গলবার বিকেল ৪টায় এই ঐতিহাসিক আয়োজন অনুষ্ঠিত হবে।
এর আগে সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যেই তাদের শপথ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। শুক্রবার রাতে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯ আসনের মধ্যে ২৯৭টির গেজেট প্রকাশ করে।
মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন যাঁরা
বিএনপি সরকারের মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন— মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আফরোজা খানম রিতা, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম, শেখ রবিউল আলম এবং টেকনোক্র্যাট কোটায় মোহাম্মদ আমিন উর রশীদ ও খলিলুর রহমান।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন ২৪ জন। তাঁদের মধ্যে রয়েছেন— এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, শামা ওবায়েদ, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মো. আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, রাজীব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, নুরুল হক নুর, ইয়াসির খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহাম্মেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামসহ অনেকে।
নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যদের শপথের পর সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সংসদীয় বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সংসদীয় নেতা নির্বাচন করা হবে। পরে সেই নেতা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের আনুষ্ঠানিক আবেদন জানাবেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন। এরপর প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের মনোনয়ন দেবেন এবং শপথ অনুষ্ঠানে প্রথমে প্রধানমন্ত্রী, পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করানো হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানর নেতৃত্বে বিএনপি ২০৯টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসন নিয়ে প্রধান বিরোধী দলের ভূমিকায় যাচ্ছে। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরাও বাকি আসনে জয়ী হয়েছেন।
সব মিলিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবারের শপথ আয়োজন রাজনৈতিক অঙ্গনে নতুন দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।