বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার প্রতি দর্শকের ভালোবাসা ও শ্রদ্ধা একটুও কমেনি।
১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্রে পথচলা শুরু করেন তিনি। প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ‘পাগলি’ হলেও ১৯৯১ সালে ‘কাসেম মালার প্রেম’ সিনেমার মাধ্যমে দর্শকের নজরে আসেন। এরপর ‘দাঙ্গা’, ‘ত্রাস’, ‘আম্মাজান’ ও ‘লাল বাদশা’সহ তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে ঢালিউডে শক্ত অবস্থান তৈরি করেন।
শুধু অভিনয়েই নয়, প্রযোজক হিসেবেও সফল ছিলেন মান্না। তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘লুটতরাজ’, ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’ ও ‘আমি জেল থেকে বলছি’র মতো ব্যবসাসফল সিনেমা নির্মিত হয়। কর্মজীবনে তিনি একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তিনবার মেরিল-প্রথম আলো পুরস্কার এবং পাঁচবার বাচসাস পুরস্কার অর্জন করেন।
ব্যক্তিগত জীবনে সহ-অভিনেত্রী শেলী কাদেরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন তিনি। তাদের একমাত্র সন্তান সিয়াম ইলতিমাস মান্না। রূপালি পর্দায় তার শক্তিশালী উপস্থিতি ও অভিনয়গুণ আজও তাকে দর্শকের হৃদয়ে জীবন্ত করে রেখেছে।