ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছে দলটির সংসদীয় দল।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর জাতীয় সংসদ ভবনে তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত সদস্যরা সর্বসম্মতভাবে তাকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন।
এর আগে বেলা পৌনে ১১টার দিকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে নবনির্বাচিত এমপিরা শপথ নেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।
শপথ অনুষ্ঠানের শুরুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সংবিধান সংস্কার পরিষদ সংক্রান্ত দলীয় অবস্থান তুলে ধরেন। শপথ শেষে সংসদ সদস্যরা শপথপত্রে স্বাক্ষর করেন।
সূচি অনুযায়ী, বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দায়িত্ব বণ্টন ও প্রজ্ঞাপন জারি করা হবে।