দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে, ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। আগের দিন যার মূল্য ছিল ২ লাখ ৬১ হাজার টাকা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার দর কমায় স্থানীয় বাজারেও মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দর একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকায়। ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।
তবে সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৯০৭ টাকায় বিক্রি হচ্ছে।
আন্তর্জাতিক বাজারেও সোনার দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। বিশ্ববাজারের তথ্যভিত্তিক ওয়েবসাইট GoldPrice.org–এর তথ্য অনুযায়ী, প্রতি আউন্স সোনার দাম কমে ৪ হাজার ৯৫৮ ডলারে নেমেছে, যা আগের দিন ছিল ৫ হাজার ৪০ ডলার। জানুয়ারির শেষ দিকে এই দাম ৫ হাজার ৫৫০ ডলার পর্যন্ত উঠেছিল।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে একদিনেই ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেট সোনার ভরি সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছে রেকর্ড গড়েছিল।