ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে জয়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। পরে তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করবেন।
খসরু ১৯৯১ সালে চট্টগ্রাম-৮ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সর্বোচ্চ নীতিনির্ধারণী স্থায়ী কমিটির সদস্য।
ব্যক্তিগত জীবনে খসরু চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ছিলেন। এছাড়া চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি এবং দক্ষিণ এশিয়া এক্সচেঞ্জ ফেডারেশনের প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে বিএনপি ২০৯টি আসন, জামায়াতে ইসলামী ৬৮টি, এনসিপি ৬টি ও স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছে।