শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর জয়নুদ্দিন ঢালী (৫২) নামে এক বিএনপি কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার খাটরা এলাকার বাসিন্দা ও মৃত মোসলেম ঢালীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি জয়নুদ্দিন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পার্শ্ববর্তী গোসাইরহাট ইউনিয়নের কাকৈইসার এলাকার একটি আমগাছে গলায় মাফলার পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে গোসাইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে থানার উপপরিদর্শক সজিবুল ইসলাম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে নিখোঁজ সংক্রান্ত কোনো সাধারণ ডায়েরি (জিডি) আগে করা হয়নি বলে তিনি জানান।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তারিক আজিজ মোবারক ঢালী বলেন, জয়নুদ্দিন দলের একজন সক্রিয় কর্মী ছিলেন। তার সঙ্গে জমিজমা নিয়ে একটি পক্ষের বিরোধ চলছিল বলে জানা গেছে।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।