প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নতুন সংসদ সদস্যদের শপথ সকাল ১০টায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা আজ শপথ গ্রহণ করবেন। সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে তাদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

 

এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে জাতীয় সংসদ সচিবালয়কে জানানো হয়েছে, ১৭ ফেব্রুয়ারি সকাল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্যদেরও শপথ অনুষ্ঠান পরিচালনা করা হবে।

 

ইসি সূত্র জানায়, ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ২০৯টি আসন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়ী হয়েছে ছয়টি আসনে এবং স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন সাতটি আসন।

 

ভোটের হার বিবেচনায় ধানের শীষ প্রতীকে বিএনপি পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামী পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট। অন্যদিকে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা এনসিপি ৩ দশমিক ০৫ শতাংশ ভোট অর্জন করেছে।

 

ইসি জানিয়েছে, এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল ও ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী অংশ নেন। ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল স্থগিত রয়েছে। ফলে ২৯৭টি আসনের ফল ঘোষণা করা হয়েছে।

 

শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা