প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন ব্যবস্থার অবসান ঘটিয়ে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দায়িত্ব নিতে যাচ্ছে দেশের নতুন নির্বাচিত সরকার। বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান। একই অনুষ্ঠানে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরাও।

 

প্রচলিত নিয়ম অনুযায়ী শপথ অনুষ্ঠান সাধারণত বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হয়। তবে এবার বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিত করতে সংসদ ভবনের উন্মুক্ত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার করে দক্ষিণ প্লাজায় বিশেষ মঞ্চ ও ভিভিআইপি জোন প্রস্তুত করা হয়েছে। প্রায় এক হাজার দেশি-বিদেশি অতিথি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।

 

সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন-এর কাছে তিন ধাপে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। এরপর দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে সংসদ নেতা নির্বাচিত করা হবে।

 

বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে।

 

শপথ অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবন এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং গণভবন ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যান চলাচল সীমিত থাকবে। বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে নগরবাসীকে।

 

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসন পেয়ে প্রধান বিরোধী দলে বসতে যাচ্ছে। দলটির সংসদীয় নেতা হিসেবে ডা. শফিকুর রহমানের নাম আলোচনায় রয়েছে।

 

ক্ষমতা হস্তান্তরের অংশ হিসেবে সোমবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

 

আজকের শপথ গ্রহণের মধ্য দিয়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের প্রতিশ্রুতি সামনে রেখে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা