ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠনের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত এমপিরা শপথ নেবেন। তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করাবেন। সাধারণত বঙ্গভবনে এ আয়োজন হলেও এবার স্থান নির্ধারণ করা হয়েছে সংসদ ভবন প্রাঙ্গণে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ৩৫ থেকে ৪০ সদস্যের একটি মন্ত্রিসভা গঠন করা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ ইতোমধ্যে সম্ভাব্য মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। নির্বাচন কমিশন থেকে নির্বাচিত এমপিদের যোগাযোগের তথ্য সংগ্রহ করে আমন্ত্রণ পাঠানো হয়েছে।
শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ ও সরকারি পরিবহণ পুল সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। নতুন মন্ত্রীদের জন্য গাড়ি, নিরাপত্তা দল, শপথ ফোল্ডারসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিক সামগ্রী প্রস্তুত রাখা হয়েছে। প্রায় ৪৫ থেকে ৫০টি গাড়ি ও চালক প্রস্তুত রয়েছে; প্রয়োজনে আরও গাড়ির ব্যবস্থা করা হবে।
শপথ অনুষ্ঠানে প্রায় এক হাজার থেকে বারোশ দেশি-বিদেশি অতিথি উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধান, রাজনৈতিক দলের শীর্ষ নেতা, কূটনীতিক, ব্যবসায়ী প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং সিনিয়র প্রশাসনিক কর্মকর্তারা।
বিদেশি অতিথিদের মধ্যে উপস্থিত থাকার কথা রয়েছে—
শেরিং তোবগে
ওম বিড়লা
আহসান ইকবাল
মোহাম্মদ মুইজ্জু
বালা নন্দ শর্মা
নলিন্দা জয়তিসার
সীমা মালহোত্রা
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট ২১৪টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট ৭৭টি আসন পেয়ে বিরোধী দলে বসতে যাচ্ছে।
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের সই করা গেজেট ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের শপথের মধ্য দিয়ে নতুন সংসদের কার্যক্রম শুরু হবে এবং পরবর্তীতে দায়িত্ব নেবে নতুন সরকার।