ভারতের তেলেঙ্গানা রাজ্যে নির্বাচনে পরাজয়ের পর এক বিজেপি প্রার্থীর পরিবারের আচরণ ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পরাজিত প্রার্থীর স্ত্রী বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে আগেই দেওয়া অর্থ ফেরত চাইছেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানা রাজ্যে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি পৌর নির্বাচনে মাঞ্চেরিয়াল মিউনিসিপ্যাল করপোরেশন-এর ৯ নম্বর ডিভিশন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রার্থী জাদি তিরুপতি। তিনি ১৬ ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থীর কাছে হেরে যান।
অভিযোগ রয়েছে, নির্বাচনের ফল ঘোষণার পর তিরুপতি ও তার পরিবারের সদস্যরা সেইসব ভোটারের বাড়িতে যাচ্ছেন, যাদের বিরুদ্ধে অর্থ নেওয়ার পরও প্রতিশ্রুত ভোট না দেওয়ার অভিযোগ আছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, প্রার্থীর স্ত্রী রূপা ভোটারদের ঈশ্বরের নামে শপথ করে বলতে বলছেন—তারা তার স্বামীকে ভোট দিয়েছেন কি না। কেউ ভোট না দেওয়ার কথা স্বীকার করলে, তাদের কাছ থেকে জনপ্রতি তিন হাজার রুপি ফেরত নেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। কারণ ভোটারদের অর্থের প্রলোভন দেখানো বা অর্থ লেনদেন করা নির্বাচনি বিধিমালা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে মনে করছেন অনেকে।