ব্যক্তিগত ও পারিবারিক প্রয়োজনের কথা উল্লেখ করে দেশ ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।
বিসিবি সিইও জানান, পারিবারিক কারণেই বুলবুল সাময়িকভাবে দেশের বাইরে গেছেন এবং পরিবারের সঙ্গে সময় কাটিয়ে কয়েক সপ্তাহের মধ্যে তার ফেরার সম্ভাবনা রয়েছে।
বোর্ড সূত্রে জানা গেছে, দেশ ছাড়ার আগে বিসিবির পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রমজানের শুভেচ্ছা জানিয়ে সভাপতি লিখেছেন যে, জরুরি পারিবারিক প্রয়োজনে তিনি বিদেশে যাচ্ছেন এবং দ্রুত ফিরে আসবেন।
বিশ্বকাপ থেকে বাংলাদেশ বিদায়ের পর থেকেই বোর্ডে নানা আলোচনা-সমালোচনা চলছে। পরিচালকদের মধ্যে মতপার্থক্য এবং সংবাদমাধ্যমের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে দেশের ক্রিকেট অঙ্গনে অস্থিরতার আবহ তৈরি হয়েছে।
এদিকে বিসিবির প্রধান প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদীন নান্নু বোর্ড প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আশা প্রকাশ করেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ক্রিকেটের বর্তমান অচলাবস্থা কাটবে।
নান্নু বলেন, ক্লাবগুলোর সঙ্গে বোর্ডের যে দূরত্ব তৈরি হয়েছে, তা দ্রুত সমাধান করা জরুরি। বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান বোর্ডের সময়কালে বেশ কয়েকটি ক্লাব ঘরোয়া লিগে অংশগ্রহণে অনীহা দেখিয়েছে। ‘বিসিবি বনাম ক্লাব’ এই দ্বন্দ্ব প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, ক্রিকেটের স্বার্থে কোনো আপস করা যাবে না।
তার ভাষায়, দেশের ক্রিকেটই সবার আগে—এ নীতিতে থেকেই সব পক্ষকে সমাধানে পৌঁছাতে হবে।