ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬—দুটি আসন থেকেই জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। তবে প্রচলিত আইন অনুযায়ী একাধিক আসনে নির্বাচিত হলেও একটি আসনই ধরে রাখা যায়। সে অনুযায়ী তিনি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং বগুড়া-৬ আসন ছেড়ে দেবেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
নির্বাচন সংশ্লিষ্ট আইন অনুযায়ী, একই সাধারণ নির্বাচনে একাধিক আসনে প্রার্থী হওয়া ও নির্বাচিত হওয়ার সুযোগ থাকলেও গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে একটি আসন রেখে অন্য আসনগুলো লিখিতভাবে ত্যাগ করতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে সংশ্লিষ্ট আসন শূন্য ঘোষণা করার বিধান রয়েছে।
ঢাকা-১৭ আসনের বেসরকারি ফলাফল অনুযায়ী, তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী এস এম খালিদুজ্জামান অর্জন করেন ৬৮ হাজার ৩০০ ভোট। ফলে ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত হয় বিএনপি প্রার্থীর।
এই আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩৩ হাজার ৮১৩ জন। ভোট পড়েছে ১ লাখ ৪৭ হাজার ৮৮৮টি; এর মধ্যে ২ হাজার ২১১টি বাতিল হয়। বৈধ ভোটের সংখ্যা ছিল ১ লাখ ৪৫ হাজার ৬৭৭।
অন্যদিকে বগুড়া-৬ আসনে ১৫০টি কেন্দ্রের ফলাফলে তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।
এখন আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন।