প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভোটের হারে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত; তৃতীয় স্থানে এনসিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের হারে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচন কমিশনের তথ্যমতে, ধানের শীষ প্রতীকে দলটি পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট। বিএনপি ২৯০টি আসনে প্রার্থী দিয়েছিল।

 

দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দাঁড়িপাল্লা প্রতীকে ২২৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দলটি অর্জন করেছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট।

 

ভোটের শতাংশের হিসেবে তৃতীয় স্থানে রয়েছে ছাত্র-তরুণদের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ৩২টি আসনে প্রার্থী দিয়ে তারা পেয়েছে ৩ দশমিক ০৫ শতাংশ ভোট। দলটি জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের অংশ হিসেবে নির্বাচনে অংশ নেয়।

 

গত তিন সংসদে বিরোধী দলে থাকা জাতীয় পার্টি (জাপা) ১৯৯টি আসনে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছে শূন্য দশমিক ৮৯ শতাংশ ভোট।

 

এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম-এর নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৭টি আসনে হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছে ২ দশমিক ৭০ শতাংশ ভোট।

 

১১-দলীয় জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে ৩৪টি আসনে অংশ নিয়ে অর্জন করেছে ২ দশমিক ০৯ শতাংশ ভোট।

 

এ ছাড়া অন্যান্য দলগুলোর প্রাপ্ত ভোটের হার ১ শতাংশের নিচে। এসব দলের মধ্যে রয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলন, বাসদ, বাসদ (মার্ক্সবাদী), গণফোরাম এবং নাগরিক ঐক্য।

 

নির্বাচন কমিশন জানিয়েছে, দলগুলোর চূড়ান্ত ভোটের হার সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা