প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে জামায়াত-সহ ১১ দলীয় জোটের সমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সহিংসতা, নির্যাতন ও নানা অনিয়মের অভিযোগের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যভুক্ত দলগুলো।

 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং বক্তব্য দেবেন।

 

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হলেও ফলাফল ঘোষণা করা হয়েছে ২৯৭টির। এর মধ্যে ৭৭টি আসনে জয় পেয়েছে ১১ দলীয় জোট। শরিকদের মধ্যে জামায়াতে ইসলামী সর্বোচ্চ ৬৮টি আসন অর্জন করেছে বলে জোট সূত্রে দাবি করা হয়েছে।

 

জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি আসনে জয়লাভ করেছে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি আসন এবং খেলাফত মজলিস অর্জন করেছে ১টি আসন।

 

নির্বাচনের পর সহিংসতার পাশাপাশি ভোট কারচুপির অভিযোগও তুলেছে জোটটি। ইতোমধ্যে ৩০টি আসনের ফলাফল চ্যালেঞ্জ করে আইনি লড়াইয়ের ঘোষণা দেওয়া হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা