প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নিরঙ্কুশ জয়ের পর বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে রাজনৈতিক সাফল্যের এই মুহূর্তে দলটির সামনে সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখা দিচ্ছে স্থবির হয়ে পড়া অর্থনীতিকে সচল করা।

 

দলটির চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাধিক বক্তব্যে অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন। সংশ্লিষ্ট মহলের মতে, নতুন সরকারের প্রধান বাধা হবে দীর্ঘদিন ধরে বিভিন্ন খাতে গড়ে ওঠা প্রভাবশালী সিন্ডিকেট ভেঙে প্রতিযোগিতামূলক বাজারব্যবস্থা নিশ্চিত করা।

 

ব্যবসায়ী মহলের অভিযোগ, পূর্ববর্তী সরকারের আমলে সীমিতসংখ্যক গোষ্ঠী আমদানি ও সরবরাহব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যমূল্য বাড়িয়েছে। একই সঙ্গে ব্যাংক খাতে অনিয়ম, নামসর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ নেওয়া ও অর্থ পাচারের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে। এর প্রভাব পড়েছে খেলাপি ঋণ ও মূল্যস্ফীতিতে।

 

বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন-এর সভাপতি ফজলে শামীম এহসান বলেন, দীর্ঘদিনের সিন্ডিকেট ভাঙা সহজ কাজ নয়। হঠাৎ করে কোনো বড় গোষ্ঠীর আমদানি বন্ধ করলে বাজারে অস্থিরতা তৈরি হতে পারে। বরং বেশি সংখ্যক ব্যবসায়ীকে সম্পৃক্ত করে প্রতিযোগিতা বাড়ানো এবং সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে নতুন সিন্ডিকেট তৈরি না হয়, সে দিকেও নজর রাখতে হবে।

 

ব্যাংক খাতের চিত্রও উদ্বেগজনক। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বিতরণ করা মোট ঋণের এক-তৃতীয়াংশের বেশি বর্তমানে খেলাপি। সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৬ লাখ কোটি টাকা, যা মোট ঋণের প্রায় ৩৫ শতাংশের বেশি। ব্যাংকারদের মতে, আগের সময়ের তুলনায় এখন প্রকৃত তথ্য প্রকাশ পাওয়ায় খেলাপি ঋণের প্রকৃত চিত্র সামনে আসছে।

 

এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-এর তথ্য অনুযায়ী, জানুয়ারিতে সামগ্রিক মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৫৮ শতাংশে পৌঁছেছে—যা গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ। একই সঙ্গে দেশি-বিদেশি মিলিয়ে মোট ঋণের পরিমাণ প্রায় ২৪ লাখ কোটি টাকায় পৌঁছেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ।

 

রাজস্ব আহরণেও চ্যালেঞ্জ রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডে চলমান অস্থিরতার প্রভাব ইতোমধ্যে আদায়ে পড়েছে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৪৬ হাজার কোটি টাকা।

 

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সাবেক সভাপতি রিজওয়ান রাহমান মনে করেন, দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের হাতে অর্থ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া জরুরি। তাদের নীতিনির্ধারণী সিদ্ধান্তই দেশের অর্থনীতির ভবিষ্যৎ নির্ধারণ করবে।

 

অর্থনীতিবিদদের মতে, বাজারব্যবস্থায় স্বচ্ছতা, ব্যাংকিং খাতে শৃঙ্খলা, রাজস্ব সংস্কার এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ—এই চারটি ক্ষেত্রেই দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে নতুন সরকারকে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা