প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। কূটনৈতিক সূত্রগুলো বলছে, তার এ সফর দুই দেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস-এর আমন্ত্রণে মালদ্বীপসহ মোট ১৩টি দেশের রাষ্ট্রপ্রধান বা উচ্চপর্যায়ের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। আশা করা হচ্ছে, প্রেসিডেন্ট মুইজ্জু সরাসরি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

 

আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন-এর কাছে শপথ নেবেন। পরে বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে প্রধানমন্ত্রী হিসেবে এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।

 

ড. মুইজ্জু ২০২৩ সালের নভেম্বর থেকে মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে আসছেন। বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনে বিজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অভিনন্দন বার্তা দিয়ে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন।

 

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এ সফরের ফলে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বাণিজ্য, পর্যটন, স্বাস্থ্য এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়তে পারে। জলবায়ু ঝুঁকিতে থাকা দুই দেশের জন্য যৌথ উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

 

শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অন্যান্য দেশের মধ্যে রয়েছে চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর আয়োজিত এই শপথ অনুষ্ঠানকে দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। বিদেশি রাষ্ট্রপ্রধানদের অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে নতুন সরকারের প্রতি আস্থার প্রতিফলন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা