প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন ১৯ ফেব্রুয়ারি

হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন ১৯ ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। নির্ধারিত দিনে তদন্ত কর্মকর্তা ও সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।

এর আগে গত ১৫ জানুয়ারি মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ডিবি পুলিশের দাখিল করা চার্জশিটে অসন্তোষ প্রকাশ করে নারাজি আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে পুনঃতদন্তের নির্দেশ দেন।

গত ১২ ডিসেম্বর মতিঝিলে নির্বাচনী প্রচারণা শেষে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে পল্টনের বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

ঘটনার পর ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়, যা পরবর্তীতে তার মৃত্যুর পর হত্যা মামলায় রূপ নেয়। গত ৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশ ১৭ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে, যার মধ্যে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ও ফয়সাল করিম মাসুদের নাম রয়েছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা