ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ এনে ঢাকা-৮ আসনের ফল পুনর্গণনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (১৪ ফেব্রুয়ারি) তিনি প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত আবেদন জমা দেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। একই আসনে ‘ধানের শীষ’ প্রতীকে অংশ নেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। তার দাবি, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষের নেতা-কর্মী, এজেন্ট ও ঘনিষ্ঠদের মাধ্যমে বিভিন্ন কেন্দ্রে প্রভাব বিস্তার, ভোট গণনায় অনিয়ম এবং ফল প্রভাবিত করার ঘটনা ঘটেছে।
নাসীরুদ্দীন পাটওয়ারীর অভিযোগ, ভোটগ্রহণ ও গণনার সময় কিছু কেন্দ্রের ফলাফল স্থগিত রাখা, বাতিল ভোট গণনায় যুক্ত করা এবং প্রকৃত ফল উপেক্ষা করার মতো ঘটনা ঘটে। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট প্রিজাইডিং ও রিটার্নিং কর্মকর্তাদের একাংশ এসব অনিয়মে সম্পৃক্ত হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন।
আবেদনে তিনি দাবি করেন, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮–এর বিধান লঙ্ঘন করে ফল ঘোষণা করা হয়েছে। তাই পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
এছাড়া, তিনি মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
আবেদনে ঢাকা-৮ আসনের অন্তত ১১টি কেন্দ্রের অনিয়মের নির্দিষ্ট অভিযোগ তুলে ধরা হয়েছে। পাশাপাশি ভোট পুনর্গণনা, বাতিল ভোট পুনর্বিবেচনা এবং নতুন করে ফল প্রকাশের দাবি জানানো হয়। পুনর্গণনা শেষ না হওয়া পর্যন্ত ওই আসনে শপথ অনুষ্ঠান স্থগিত রাখার আহ্বানও জানানো হয়েছে।