ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-৮ আসনে ভোট পুনর্গণনার জন্য আবেদন করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে বিজয়ী ঘোষিত বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ-এর শপথ গ্রহণ স্থগিত রাখার আবেদনও করেছেন তিনি।
শনিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)-কে দেওয়া ১১ দফার আবেদনপত্রে নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেছেন, ঢাকা-৮ আসনের ১২টি কেন্দ্রের ভোট প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম হয়েছে। আবেদনে বলা হয়, বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ও তার দলের নেতা-কর্মী, পরিবারের সদস্য এবং নির্বাচনী এজেন্টরা ভোট রিগিং, প্রভাব বিস্তার এবং বাতিলকৃত ভোট গণনায় অন্তর্ভুক্ত করার মতো অনিয়মের আশ্রয় নিয়েছেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেছেন, সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইজিং অফিসার ও রিটার্নিং অফিসারও নির্বাচনী অনিয়মে জড়িয়ে পড়েছেন এবং ভোট কারচুপি করে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি সিইসিকে অবগত করেছেন যে, আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
নির্বাচনের ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস পেয়েছেন ৫৯,৩৬৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪,১২৭ ভোট। পোস্টাল ভোটে আব্বাস পেয়েছেন ২,৮১৪ ভোট এবং নাসীরুদ্দীন পেয়েছেন ২,৫৫৫ ভোট।