ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নীরবভাবে দেশ ছাড়েন। নিজ দায়িত্ব শেষ করার পর পারিবারিক ও আর্থিক কারণে তিনি বিদেশে গেছেন বলে জানিয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ১৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে ফয়েজ আহমদ তৈয়্যব লিখেছেন, তিনি ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আইসিটি, পিটিডি ও বিটিআরসি থেকে বিদায় নিয়েছেন। নির্বাচনের দায়িত্বও তিনি যথাযথভাবে পালন করেছেন এবং প্রযুক্তি নির্ভর নির্বাচন আয়োজনের জন্য তার কিছু অবদান রয়েছে।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও সমালোচনার বিষয়ে তিনি বলেন, “একজন আত্মমর্যাদা সম্পন্ন এবং সৎ ব্যক্তিকে দুটো অসম্মানজনক কটু কথা শোনানোর আগে তথ্য যাচাই-বাছাই করবেন। দায়িত্ব পালনকালে দেশের জন্য বহু আর্থিক ক্ষতি সহ্য করেছি।”
বিদেশে যাওয়ার কারণ হিসেবে তিনি পরিবারের জরুরি প্রয়োজন এবং ব্যক্তিগত দায়িত্বকে উল্লেখ করেন। তিনি জানান, “ছেলের স্কুলে প্যারেন্টস মিটিং এবং স্ত্রীর মেডিকেল ইমার্জেন্সির কারণে দেশে থাকতে পারিনি। ইতিমধ্যে রিটার্ন টিকিট কেটে রেখেছি। দীর্ঘ সময় পরিবারকে সময় দিতে পারিনি।”
ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, দায়িত্ব পালনের সময় তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং একটি দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয়ে স্বচ্ছতা ও প্রযুক্তি উন্নয়নের উদ্যোগ নিয়েছেন। মোবাইল ব্যবসায়ী ও টেলিকম সংশ্লিষ্ট কিছু গোষ্ঠী তার বিরুদ্ধে কুৎসা রটিয়েও সমস্যা তৈরি করেছে বলে উল্লেখ করেন।
শেষে তিনি সকলের কাছে দোয়া কামনা করেন এবং শনিবার সকাল ১০টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে দুবাই হয়ে জার্মানি যান।