বিরোধী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতির কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানান।
তিনি লেখেন, দল স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে একটি ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে। এই কাঠামো সরকারের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবং ‘ওয়াচডগ’ হিসেবে ভূমিকা রাখবে।
এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির-ও একই ধরনের প্রস্তাব দেন। নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি ছায়া মন্ত্রীপরিষদ গঠনের ঘোষণা দেন।
ছায়া মন্ত্রিসভা কী?
সংসদীয় গণতন্ত্রে ছায়া মন্ত্রিসভা হলো বিরোধী দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে গঠিত একটি বিকল্প কাঠামো। এখানে ক্ষমতাসীন সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ‘ছায়া মন্ত্রী’ থাকেন।
এই ছায়া মন্ত্রীরা সরকারের নীতিমালা বিশ্লেষণ করেন, সম্ভাব্য সীমাবদ্ধতা ও ঝুঁকি তুলে ধরেন এবং বিকল্প প্রস্তাব উপস্থাপন করেন। যদিও তাদের কোনো নির্বাহী ক্ষমতা নেই, তবে এ ব্যবস্থার মাধ্যমে সরকারকে নিয়মিত জবাবদিহির আওতায় রাখা সম্ভব হয়। পাশাপাশি বিরোধী দল ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার জন্য নিজেদের প্রস্তুত রাখার সুযোগ পায়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছায়া মন্ত্রিসভা কার্যকরভাবে গঠিত হলে তা সংসদীয় সংস্কৃতিকে আরও শক্তিশালী করতে পারে।