ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর নতুন সংসদ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। এরপর তারেক রহমান-এর নেতৃত্বে গঠিত হতে যাওয়া মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশে সংসদ সদস্যরা কেবল আইন প্রণয়ন বা জনগণের প্রতিনিধিত্বই করেন না; তাদের জন্য নির্ধারিত রয়েছে সম্মানী, ভাতা ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক সুবিধার একটি কাঠামো। এসব সুবিধা নির্ধারিত হয়েছে ‘সংসদ সদস্য (পারিশ্রমিক ও ভাতা) আদেশ, ১৯৭৩’-এর আওতায়, যা সময় সময় সংশোধন করা হয়েছে।
এমপিদের প্রধান সুবিধাসমূহ
মাসিক সম্মানী
প্রতি সংসদ সদস্য মাসিক ৫৫ হাজার টাকা মূল সম্মানী পান, যা পুরো দায়িত্বকালজুড়ে কার্যকর থাকে।
নির্বাচনী এলাকা ভাতা
নির্বাচনী এলাকায় জনসংযোগ, সাংগঠনিক কার্যক্রম ও দাপ্তরিক ব্যয়ের জন্য মাসিক ১২ হাজার ৫০০ টাকা দেওয়া হয়।
আপ্যায়ন ভাতা
অতিথি আপ্যায়ন ও সামাজিক যোগাযোগ ব্যয়ের জন্য মাসে ৫ হাজার টাকা বরাদ্দ রয়েছে।
শুল্কমুক্ত গাড়ি সুবিধা
দায়িত্বকালীন একটি গাড়ি/জিপ/মাইক্রোবাস শুল্ক, ভ্যাট ও অন্যান্য আমদানি শুল্ক ছাড়া আমদানির সুযোগ পান এমপিরা। পাঁচ বছর পর একই শর্তে আরেকটি নতুন গাড়ি আমদানির সুবিধাও রয়েছে।
পরিবহন ভাতা
যাতায়াত, জ্বালানি, গাড়ি রক্ষণাবেক্ষণ ও চালকের বেতন বাবদ মাসিক ৭০ হাজার টাকা পরিবহন ভাতা দেওয়া হয়।
অফিস ব্যয় ভাতা
নির্বাচনী এলাকায় অফিস পরিচালনার জন্য মাসিক ১৫ হাজার টাকা বরাদ্দ থাকে।
লন্ড্রি ও আনুষঙ্গিক ভাতা
লন্ড্রি খাতে মাসে ১ হাজার ৫০০ টাকা এবং রান্নার সরঞ্জাম, লিনেন ও অন্যান্য প্রয়োজনীয় খরচের জন্য ৬ হাজার টাকা প্রদান করা হয়।
ভ্রমণ ভাতা
সংসদ অধিবেশন বা কমিটির বৈঠকে অংশ নিতে বিমান, রেল বা জাহাজে সর্বোচ্চ শ্রেণির ভাড়ার দেড় গুণ পর্যন্ত ভাতা দেওয়া হয়। সড়কপথে ভ্রমণের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ১০ টাকা হারে ভাতা প্রযোজ্য।
নতুন সংসদের কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এসব সুবিধা কার্যকর হবে।