দীর্ঘদিনের প্রচলিত রীতি ভেঙে এবার বঙ্গভবনের দরবার হলের পরিবর্তে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এই আয়োজনের মধ্য দিয়ে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সকাল ১০টায় দক্ষিণ প্লাজায় এমপিদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।
একই স্থানে বিকেল ৪টায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন।
ঐতিহাসিক এই অনুষ্ঠানে দেশ-বিদেশের প্রায় এক হাজার আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
নতুন সরকারের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন নিয়েও আলোচনা চলছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রচলিত সরকারি বাসভবন গণভবন বর্তমানে বসবাসের উপযোগী নয়। ছাত্র-জনতার আন্দোলনের পর এটিকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ পরিস্থিতিতে নতুন প্রধানমন্ত্রীকে সাময়িকভাবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-তে অবস্থান করতে হতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ‘যমুনা’ ত্যাগ করার পর সেটি নতুন প্রধানমন্ত্রীর আবাস হিসেবে প্রস্তুত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দায়িত্বশীল মহল জানিয়েছে, শেরেবাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশের একটি স্থানে প্রধানমন্ত্রীর স্থায়ী আবাস নির্মাণের প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে নতুন ভবন নির্মাণে আরও দুই থেকে তিন বছর সময় লাগতে পারে। ততদিন পর্যন্ত আবাসন ‘যমুনা’ নাকি সংসদ ভবন সংলগ্ন স্পিকারের বাসভবনে হবে—সেটি চূড়ান্ত করবে নতুন সরকার।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র পতনের পর গণভবনকে জাদুঘরে রূপান্তরের কাজ শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হতে পারে।