ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
নির্বাচিত সংসদ সদস্যদের পাশাপাশি টেকনোক্র্যাট কোটায় বিশেষজ্ঞ ব্যক্তিত্ব এবং জোটসঙ্গীদেরও অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা চলছে। জোটের শরিক গণঅধিকার পরিষদ-এর সভাপতি নুরুল হক নুর নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে আলোচনা রয়েছে। পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করেন। নির্বাচনের আগে তিনি দাবি করেছিলেন, ‘জাতীয় সরকার’ গঠিত হলে তাকে মন্ত্রী করার আশ্বাস দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্রে আরও জানা গেছে, আন্দালিব রহমান পার্থ রেলপথ মন্ত্রণালয় এবং জোনায়েদ সাকি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন।
টেকনোক্র্যাট কোটায় সম্ভাব্যদের মধ্যে রয়েছেন নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, রুহুল কবির রিজভী এবং মাহদী আমিন।
এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্যদের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। সিনিয়র পর্যায়ে থাকতে পারেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, হাফিজ উদ্দিন আহমেদ, আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও এজেডএম জাহিদ হোসেন।
আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন বিকেলে রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভাকে শপথ বাক্য পাঠ করাবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জোটভিত্তিক ও টেকনোক্র্যাট সমন্বয়ের এই উদ্যোগ সরকার পরিচালনায় নতুন মাত্রা যোগ করতে পারে।