বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থন আদায় করাই তাদের প্রকৃত ‘ইঞ্জিনিয়ারিং’। তিনি মন্তব্য করেন, “মানুষকে আমাদের পক্ষে আনা এবং তাদের আস্থা অর্জন করাই ছিল আমাদের কৌশল। আলহামদুলিল্লাহ, আমরা সেই লক্ষ্যে সফল হয়েছি।”
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিক খালেদ মুহিউদ্দীন-এর প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারম্যান জানান, এবারের নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে ইসলাম, গণঅধিকার পরিষদ-সহ মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। অংশগ্রহণকারী সব দলকেই তিনি অভিনন্দন জানান।
দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারেক রহমান বলেন, “এই বিজয় শুধু বিএনপির নয়; এটি গণতন্ত্রের জয়, এটি বাংলাদেশের জয়।” তিনি আরও দাবি করেন, দীর্ঘ সময় পর দেশে জনগণের প্রত্যক্ষ ভোটে জবাবদিহিমূলক সংসদ ও সরকার গঠনের পথ উন্মুক্ত হয়েছে।
তিনি বলেন, নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে দেশের গণতান্ত্রিক যাত্রা নতুন অধ্যায়ে প্রবেশ করছে। অতীতের ভঙ্গুর অর্থনীতি, দুর্বল প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলা করেই নতুন সরকারকে পথচলা শুরু করতে হবে।
ভবিষ্যতে যেন কোনো অপশক্তি দেশে স্বৈরতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করতে না পারে, সে জন্য রাজনৈতিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন বিএনপি চেয়ারম্যান।