প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মৃত্যুদণ্ডের রায় থেকে সংসদে: বাবর, পিন্টু ও আজহারুলের প্রত্যাবর্তন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

একসময় যাদের মাথার ওপর ঝুলছিল মৃত্যুদণ্ডের রায়, সময়ের পালাবদলে তারাই এখন জাতীয় সংসদের পথে। সাম্প্রতিক নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর ও আবদুস সালাম পিন্টু, পাশাপাশি জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। রাজনৈতিক অঙ্গনে তাদের এই প্রত্যাবর্তনকে অনেকেই নাটকীয় মোড় বলে অভিহিত করছেন।

 

২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় ২০০৭ সালে গ্রেপ্তার হন লুৎফুজ্জামান বাবর। দীর্ঘ প্রায় ১৮ বছর কারাগারে কাটানোর পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আইনি প্রক্রিয়ায় তিনি সব মামলা থেকে খালাস পান। গত বছর ১৬ জানুয়ারি মুক্তি পেয়ে নিজ জেলা নেত্রকোনায় ফিরে যান। পরবর্তীতে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে প্রতিদ্বন্দ্বীর চেয়ে এক লাখ ২০ হাজারের বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হন।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক বিএনপি নেতা আবদুস সালাম পিন্টুও দীর্ঘ ১৭ বছর কারাবন্দি ছিলেন। ২০২৪ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার পর টাঙ্গাইলে নিজ এলাকায় সক্রিয় রাজনীতিতে ফেরেন। গোপালপুর-ভূঞাপুর আসনে নির্বাচন করে প্রায় দুই লাখ ভোটের ব্যবধানে জয় লাভ করেন তিনি।

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামও দীর্ঘদিন কারাগারে ছিলেন। ২০১২ সাল থেকে বন্দি থাকার পর গত বছর ২৮ মে তিনি মুক্তি পান। এবারের নির্বাচনে রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে অংশ নিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি।

দীর্ঘ কারাবাস, মৃত্যুদণ্ডের রায় এবং পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় মুক্তি—সবকিছু মিলিয়ে এই তিন নেতার রাজনৈতিক যাত্রা নতুন মাত্রা পেয়েছে। একসময় ফাঁসির মঞ্চের মুখোমুখি হওয়া ব্যক্তিরাই এখন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন—যা দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি আলোচিত অধ্যায় হয়ে থাকবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা