প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিএনপির বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল আসনে জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমান-কে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এই অভিনন্দন জানানো হয়।

 

বার্তায় তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। জনগণের স্পষ্ট রায় সাংবিধানিক প্রক্রিয়া ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতাকে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

প্রফেসর ইউনূস উল্লেখ করেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনে তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনকল্যাণমুখী দৃষ্টিভঙ্গি দেশকে স্থিতিশীল ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিতে সহায়ক হবে। তিনি একই সঙ্গে স্মরণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর রাষ্ট্রদর্শন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র নেতৃত্বের কথা। তাঁদের আদর্শ নতুন পথচলায় অনুপ্রেরণা জোগাবে বলেও মন্তব্য করেন তিনি।

 

প্রধান উপদেষ্টা আরও বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ এখন অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা এবং আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় ভূমিকার এক গুরুত্বপূর্ণ সময়ে রয়েছে। এসব ক্ষেত্রে সমন্বিত ও দায়িত্বশীল নেতৃত্ব অপরিহার্য।

 

অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার সহযোগিতার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের সংবেদনশীল সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল অবস্থান জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

 

বার্তার শেষে দেশের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারেক রহমানের নেতৃত্ব সফল হোক—এই কামনা করেন প্রধান উপদেষ্টা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা