ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। তবে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে কমিশন। সংশ্লিষ্ট দুই আসনের ফল পরবর্তীতে ঘোষণা করা হবে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে ফলাফল ঘোষণার সমাপনী বক্তব্যে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
ঘোষিত ফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট পেয়েছে মোট ২১২টি আসন। এর মধ্যে দল হিসেবে বিএনপি এককভাবে অর্জন করেছে ২০৯টি আসন। জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপি, গণসংহতি আন্দোলন এবং গণঅধিকার পরিষদ পেয়েছে একটি করে আসন।
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৭টি আসন। এর মধ্যে জামায়াত এককভাবে জিতেছে ৬৮টি আসন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং খেলাফত মজলিস একটি আসন লাভ করেছে।
স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৭টি আসন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে একটি আসন।
এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) শেরপুর-২ চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রেখে তিনটি পৃথক চিঠি জারি করে ইসি। চিঠিতে জানানো হয়, এসব আসনে আদালতে মামলা চলমান থাকায় ফল ঘোষণা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
তবে শেরপুর-২ আসনের ফল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। যদিও এই আসনের গেজেট প্রকাশ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।