ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী এসএম ফয়সল। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলোচিত বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরী মোমবাতি প্রতীকে অর্জন করেছেন ৮৪ হাজার ৩২৩ ভোট। এছাড়া ১১ দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিস-এর মহাসচিব আহমদ আব্দুল কাদের দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৪৪৬ ভোট।
অন্যান্য প্রার্থীদের মধ্যে মো. মুজিবুর রহমান (মই) পান ৩২৯ ভোট, মু. রেজাউল মোস্তফা (আপেল) ৪৮৪ ভোট, মো. রাশেদুল ইসলাম খোকন (ছড়ি) ৪৮৪ ভোট, শাহ মো. আল আমিন (হারিকেন) ৫৩৬ ভোট, মো. মিজানুর রহমান চৌধুরী (ঘোড়া) ৬৫২ ভোট এবং সালেহ আহমদ সাজন (ফুটবল) পান ৬১৯ ভোট।
এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৫২ হাজার ৭১১ জন। নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোট পড়েছে ৩ লাখ ১০ হাজার ৯৭টি, যা প্রায় ৫৬ দশমিক ১০ শতাংশ।
বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে থেকে এসএম ফয়সলের জয় নিশ্চিত হয়েছে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।