প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিএনপির নিরঙ্কুশ জয়: সরকার গঠনের পথে তারেক রহমান

প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন তারেক রহমান, জোর প্রস্তুতি নগরজুড়ে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত ২৯৯ আসনের মধ্যে ২৮৭টির বেসরকারি ফলাফলে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট। প্রাপ্ত ফল অনুযায়ী, বিএনপি ও তাদের মিত্ররা ২০৪টি আসনে জয় পেয়েছে, যা সরকার গঠনের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে।

 

দলীয় সূত্র জানিয়েছে, সরকারের নেতৃত্বে আসতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে প্রায় তিন দশকের বেশি সময় পর দেশে একজন পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

 

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৬৯টি আসন। বাকি ১৪টি আসনে জয়ী হয়েছেন অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা।

 

ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, সর্বশেষ ১৯৮৮ সালে প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমেদ। ১৯৯০ সালের পর থেকে দেশের সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন খালেদা জিয়া ও শেখ হাসিনা।

 

বিজয় উদযাপন উপলক্ষে কোনো ধরনের মিছিল না করার নির্দেশনা দিয়েছে বিএনপি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরঙ্কুশ বিজয়ের জন্য বাদজুমা দেশব্যাপী শুকরিয়া আদায় ও বিশেষ দোয়ার আয়োজন করা হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সারাদেশে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোট হয়। সকাল দিকে উপস্থিতি কম থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ে। বিশেষ করে তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

 

উল্লেখ্য, শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের নির্বাচন স্থগিত থাকায় এবার ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হয়। মোট প্রার্থী ছিলেন ২ হাজার ২৯ জন। এর মধ্যে রাজনৈতিক দলের ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র ২৭৪ জন এবং নারী প্রার্থী ৮৩ জন।

 

এবার মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন। বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য ১২৪টি দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল।

 

চূড়ান্ত ফলাফলের জন্য এখন নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা