প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাকা ৮ আসনের ফল নিয়ে প্রশ্ন তুললেন জামায়াত আমির 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশকে ঘিরে কয়েকটি আসনে ‘অস্বচ্ছতা’ ও বিলম্বের অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি প্রশ্ন রেখে বলেন, “কিছু আসনে ইঁদুর-বিড়াল খেলা কেন হচ্ছে? ঢাকা-৮ আসন এখনো ঝুলে থাকবে কেন? সেখানে কী হচ্ছে, আপনারা সাংবাদিকরা জানেন।”

 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তার ভাষ্য, এ ধরনের পরিস্থিতি সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিচায়ক নয়। বিষয়গুলো দলীয়ভাবে পর্যালোচনা করে প্রয়োজন মনে করলে জাতির সামনে তুলে ধরা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের চর্চা না থাকে।

 

ডা. শফিকুর রহমান বলেন, কিছু কেন্দ্রে দলীয় প্রতিনিধিদের দীর্ঘ সময় অপেক্ষায় রাখা হয়েছে এবং প্রাথমিকভাবে সীমিত সংখ্যক কেন্দ্রের ফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। ফলে এই মুহূর্তে পূর্ণাঙ্গ বক্তব্য দেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি।

 

তিনি বলেন, চূড়ান্ত ফল হাতে এলে দলীয়ভাবে বিশ্লেষণ করা হবে। নিজেদের কোনো ত্রুটি থাকলে তা মূল্যায়ন করা হবে, আবার বৃহত্তর কোনো অসঙ্গতি থাকলে সেটিও সামনে আনা হবে। “ছোটখাটো বিষয় নিয়ে টানাপোড়েন নয়, আমরা ইতিবাচক ধারার রাজনীতি চাই,” যোগ করেন তিনি।

 

নির্বাচনের ফল মেনে নেওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতিতে জয়ের কোনো নিশ্চয়তা থাকে না। জনগণ যেভাবে রায় দেবেন, সেটিকে সম্মান জানানো উচিত। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন দ্রুত আনুষ্ঠানিক ফল প্রকাশ করবে।

 

তিনি আরও বলেন, কিছু আসনে সই করা ফলাফলের কপিতে এগিয়ে থাকার তথ্য পাওয়া গেলেও পরে নানা কারণে ফল স্থগিত বা পুনর্মিলানের কথা বলা হচ্ছে। পোস্টাল ব্যালটসহ বিভিন্ন বিষয় যাচাইয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, সবকিছু স্পষ্ট হলে দল অবস্থান জানাবে।

 

কারচুপির আশঙ্কা প্রসঙ্গে তিনি সরাসরি মন্তব্য না করে বলেন, “অনেক কিছু ঘটেছে, তবে যাচাই ছাড়া কিছু বলতে চাই না।”

 

গণনার সময় আপডেট বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ফেসবুকে প্রকাশিত ফলাফলকে তিনি প্রাথমিক ও অনানুষ্ঠানিক তথ্য হিসেবে উল্লেখ করেন এবং বলেন, গেজেট প্রকাশের পরই সেটি চূড়ান্ত ফল হিসেবে বিবেচিত হবে।

 

সবশেষে তিনি বলেন, জনগণের রায় যেন সঠিকভাবে প্রতিফলিত হয় সেটিই তাদের প্রত্যাশা। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং ফল চূড়ান্ত হলে দলের অবস্থান জানানো হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা