প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ফল পরিবর্তনের অভিযোগ, বিভাগীয় কমিশনার কার্যালয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী

ঢাকা-৮ আসনে ভোট কারচুপির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬

ঢাকা-৮ আসনের নির্বাচনী ফলাফল পরিবর্তনের অভিযোগ তুলে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপস্থিত হয়েছেন ১১ দল সমর্থিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তিনি এ অভিযোগ নিয়ে কার্যালয়ে যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে রয়েছেন বলে জানা গেছে।

 

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা যায়, ছয়টি কেন্দ্রের ফলাফল বদলে দেওয়ার অভিযোগ উত্থাপন করেছেন তিনি।

 

এ বিষয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর প্রধান নির্বাচনী এজেন্ট শাহিন আহমেদ খান দাবি করেন, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে তিন দফা ভোট গণনা করা হয়েছে এবং এজেন্টদের আটকে রেখে বাতিল হওয়া ভোট বৈধ হিসেবে যুক্ত করার চেষ্টা চলছে।

 

তিনি আরও অভিযোগ করেন, সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল কলেজ ও ইস্কাটন গার্ডেন কেন্দ্রের বাতিল ভোটগুলো বৈধ হিসেবে গণ্য করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাস ও তার সমর্থকরা এ বিষয়ে প্রভাব বিস্তার করছেন।

 

শাহিন আহমেদ খান বলেন, মাহবুব আলী ইনস্টিটিউট ও মির্জা আব্বাস ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট গণনা শেষে ফলাফলের কপি হাতে পেয়েছেন তারা। এরপরও ফল পুনরায় গণনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া কয়েকটি কেন্দ্রে এজেন্টদের বের হতে না দেওয়া এবং ফল প্রকাশে বাধা দেওয়ার অভিযোগও তোলেন তিনি।

 

তবে এ বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা