প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

৬৬ কেন্দ্রে এগিয়ে ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনের ৬৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফল প্রকাশিত হয়েছে। এতে জামায়াতে ইসলামীর আমির ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. শফিকুর রহমান ৪১ হাজার ৩৯০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম খান পেয়েছেন ৩০ হাজার ৩২৬ ভোট। ফলে প্রাপ্ত কেন্দ্রগুলোতে তিনি ১১ হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন।

 

ঢাকা-১৫ আসনের অন্তর্ভুক্ত এলাকা হলো মিরপুর, ডিএনসিসি ওয়ার্ড ৪, ১৩, ১৪ ও ১৬ এবং ক্যান্টনমেন্ট এলাকা। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ৪ জন ভোটার রয়েছেন। আসনটিতে মোট ভোটকেন্দ্র রয়েছে ১২৭টি।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল সাড়ে ৪টায় তা শেষ হয়। একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হয়।

 

সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

 

এবারের নির্বাচনে নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে সর্বোচ্চ সংখ্যক দল অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৯ জন; এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। নির্বাচন কমিশন ১১৯টি প্রতীক বরাদ্দ দিয়েছে।

 

এদিকে দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেলের তথ্যে জানা যায়, দেশের ৪৮৬টি কেন্দ্রে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। ৫৯টি স্থানে জালভোট এবং ৩টি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

 

চূড়ান্ত ফলাফলের জন্য নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা