ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন দেশের বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্র ও আশপাশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। মৃতদের মধ্যে রয়েছেন এক রাজনৈতিক নেতা, একজন প্রিসাইডিং কর্মকর্তা, একজন পোলিং কর্মকর্তা এবং কয়েকজন সাধারণ ভোটার। কেউ ভোট দিতে গিয়ে, কেউ ভোট দিয়ে ফেরার পথে, আবার কেউ দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন। কয়েকটি ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগও উঠেছে।
খুলনায় মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কচি (৬০) আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে গিয়ে মারা যান। বিএনপির দাবি, কেন্দ্রে অনিয়মের প্রতিবাদ করায় প্রতিপক্ষের ধাক্কায় পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে জামায়াতের কেন্দ্র পরিচালকের দাবি, ধাক্কা বা হামলার ঘটনা ঘটেনি; অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পর তাঁকে হাসপাতালে নেওয়া হয়। খুলনা-২ আসনের বিএনপি প্রার্থী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম (৪৮) অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। প্রিসাইডিং কর্মকর্তা জানান, তিনি কর্মরত অবস্থায় হঠাৎ পড়ে যান।
ময়মনসিংহ-১ আসনে দায়িত্ব পালন করতে গিয়ে প্রিসাইডিং কর্মকর্তা মো. রেজাউল করিম (৪৮) অসুস্থ হয়ে মারা যান। জেলা প্রশাসন তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে।
এছাড়া সাতক্ষীরার তালায় ভোটকেন্দ্রে যাওয়ার পথে অনাথ ঘোষ (৬৫), চট্টগ্রামের কাজীর দেউড়ি কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে মো. মনু মিয়া (৫৭), কিশোরগঞ্জের ভৈরবে ভোট দিয়ে বের হওয়ার পর রাজ্জাক মিয়া (৫৫), মানিকগঞ্জের শিবালয়ে বাবু মিয়া (৭০), গাইবান্ধার সাঘাটায় বাছের চৌধুরী (৬০) এবং ঢাকার যাত্রাবাড়ীতে আবু সাঈদ সরকার (৫৩) অসুস্থ হয়ে মারা যান।
কিছু ক্ষেত্রে স্বজনরা ধাওয়া বা ধাক্কার অভিযোগ তুললেও সংশ্লিষ্ট চিকিৎসক ও প্রশাসনের কর্মকর্তারা প্রাথমিকভাবে হৃদ্রোগ বা স্বাভাবিক অসুস্থতাজনিত মৃত্যুর কথা জানিয়েছেন।
নির্বাচনের দিনে এসব মৃত্যুর ঘটনায় বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে আসে।