উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোট শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে শুরু হয়েছে গণনার কার্যক্রম।
সন্ধ্যার পর থেকে বিভিন্ন আসনের কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফল আসতে শুরু করেছে। প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, কিছু কেন্দ্রে বিএনপি নেতৃত্বাধীন জোট এবং কিছু কেন্দ্রে জামায়াত-সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
এদিকে নির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী অবস্থান নিয়েছে বিএনপি। সন্ধ্যা ৭টার পর দলটির মিডিয়া সেলের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, “ফলাফল আসা শুরু হয়েছে, ভূমিধস বিজয়ের পথে ধানের শীষ।”
এর আগে বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন বলেন, “বিএনপির বিজয় অনিবার্য। এই বিজয় ঠেকানো যাবে না। ধানের শীষের জয় অবশ্যম্ভাবী।”
তবে চূড়ান্ত ফলাফলের জন্য নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।