প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কবে জানা যাবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফল?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনার প্রক্রিয়া। দেশের মানুষের প্রধান আগ্রহ—কখন প্রকাশ করা হবে ফলাফল।

 

তথ্য অনুযায়ী, এবার সারা দেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২১ হাজার ২৭৩টি সাধারণ এবং ২১ হাজার ৫০৬টি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত। সাধারণত একটি কেন্দ্রে প্রায় ১০ থেকে ১৫ হাজার ভোটার থাকেন, যদিও কোথাও এর চেয়ে কমও হতে পারে। তাই প্রতিটি কেন্দ্রে ভোট গণনা শেষ হতে কত সময় লাগবে—এ নিয়ে মানুষের কৌতূহল রয়েছে।

 

নির্বাচন কমিশনের সূত্র জানায়, এবার প্রথমবারের মতো সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হওয়ায় ব্যালটপেপারের সংখ্যা বেড়েছে। আগে একটি ব্যালট গণনায় যেখানে ৫–১০ হাজার ভোট শেষ করতে ৩–৪ ঘণ্টা সময় লাগত, এবার দুটি ব্যালট থাকায় সেই সময় ৫–৬ ঘণ্টা পর্যন্ত লাগতে পারে। তবে এর বেশি সময় লাগার কথা নয় বলে ধারণা করা হচ্ছে।

 

আনুষ্ঠানিক ফলাফল প্রকাশের আগে কিছু কেন্দ্রের অনানুষ্ঠানিক ফল রাত ১০টার পর থেকে পাওয়া যেতে পারে। রাত ১টা থেকে ২টার মধ্যে কেন্দ্রভিত্তিক বড় অংশের ফল সামনে আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে পূর্ণাঙ্গ ফল জানতে কিছুটা দেরি হতে পারে।

 

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার আশা প্রকাশ করে বলেন, নির্বাচন শেষে দ্রুত ফলাফল ঘোষণা করা হবে এবং ১৩ তারিখ দিনের প্রথম ভাগেই তা জানানো সম্ভব হতে পারে। একইভাবে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, শুক্রবার সকাল ১০টার মধ্যে গণনা শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ফল প্রকাশে বিলম্বের কোনো কারণ দেখছেন না তারা।

 

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা