সারা দেশে উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ। দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোট শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। এখন ভোট গণনার অপেক্ষা।
দুটি জেলায় ককটেল বিস্ফোরণসহ বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে নির্বাচনের দিনে বিভিন্ন কারণে অসুস্থ হয়ে চার জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নির্বাচন চলাকালে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কিছু অভিযোগও পাওয়া গেছে।
এবারই প্রথমবারের মতো বাংলাদেশে সংসদ নির্বাচনের সঙ্গে একযোগে গণভোট অনুষ্ঠিত হয়েছে। এছাড়া প্রথমবারের মতো দেশজুড়ে পোস্টাল ভোট নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, দুপুর ২টা পর্যন্ত দেশের ৪২,৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬,০৩১টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, যা মোট কেন্দ্রের ৪৭.৯১ শতাংশ। রাজধানীর আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য নিশ্চিত করেন।